আবনা : তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা গেছে আর এটাই সবচেয়ে বড় সাফল্য। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু আলোচক দলের সদস্য সাইয়্যেদ আব্বাস আরাকচি।
ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ বিবৃতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রায় ১৬ মাস আলোচনার পরিপ্রেক্ষিতে যৌথ বিবৃতি দেয়া হয়েছে। আলোচনার মধ্য দিয়ে মৌলিক দাবি আদায় করতে চেয়েছিল ইরান এবং তা পেরেছে। এই মৌলিক ও বৈধ দাবির অন্যতম হলো ইরানের পরমাণু কর্মসূচির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় বলেও জানান তিনি। তিনি বলেন, এই স্বীকৃতি আদায় করা গেছে।
যৌথ বিবৃতি অনুযায়ী নাতাঞ্জ, ফোরদো, ইস্পাহান বা আরাকসহ কোনো পরমাণু স্থাপনা বা পরমাণু কর্মসূচি বন্ধ বা স্থগিত করবে না ইরান। এ ছাড়া, যৌথ চূড়ান্ত কর্ম-পরিকল্পনা বা জেসিপিওএ বাস্তবায়নের পর ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আমেরিকা বা ইউরোপের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এদিকে, চূড়ান্ত চুক্তি সংক্রান্ত সমঝোতাকে সবার আগে যারা স্বাগত জানিয়েছেন তাদের অন্যতম ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি জানান, জেসিপিওএ‘র প্রধান বিষয়গুলো নিয়ে ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ঐকমত্যে পৌঁছেছে ছয় জাতিগোষ্ঠী। চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির কাজও অনতিবিলম্ব শুরু হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি।
এ দিকে, এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার পর পরমাণু সংক্রান্ত শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখার ভূমিকা পালনের জন্য প্রস্তুত রয়েছে আইএইএ।
অন্যদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ যৌথ বিবৃতি সংক্রান্ত প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চুক্তির শর্ত বাস্তবায়নে জন্য এটি প্রয়োজনীয়। এ ছাড়া, নিরাপত্তা পরিষদ অদূর ভবিষ্যতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।#
৩ এপ্রিল ২০১৫ - ১৭:০৩
News ID: 680920
তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা গেছে আর এটাই সবচেয়ে বড় সাফল্য।